যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কার্যত তুঙ্গে, আর সেই আবহেই শনিবার কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সুদীপ রায় বর্মন। তাঁর উপস্থিতিতে পদযাত্রাটি এক প্রকার শক্তি প্রদর্শনে পরিণত হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা, যেখানে অংশগ্রহণ করেন দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরা। পদযাত্রা চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন সুদীপ রায় বর্মন ও চয়ন ভট্টাচার্য। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার আবেদন জানান। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এবং ধর্মনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। অন্যদিকে, প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন, “মানুষের সমর্থন ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধর্মনগরের উন্নয়ন এবং মানুষের মৌলিক সমস্যার সমাধানই আমাদের প্রধান লক্ষ্য।” এই পদযাত্রায় মহিলাদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য, যা দলীয় নেতৃত্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। উল্লেখ্য, ধর্মনগর উপ -নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রচারে জোরদার করেছে। ফলে দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই।
ধর্মনগরে উপ-নির্বাচনের পারদ তুঙ্গে, সুদীপ রায় বর্মনের নেতৃত্বে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জনসংযোগ
