ধর্মনগর উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তের প্রচারে জোরদার গণসংযোগ

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে শনিবার প্রচার দিবসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। এদিন মোট ছয়টি পৃথক দল বিভিন্ন বুথ এলাকায় ভাগ হয়ে সংগঠিতভাবে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করে। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদিকা কৃঞ্চা রক্ষিতের নেতৃত্বে নারী সমিতির একটি টিম তিনটি লেন জুড়ে প্রচার চালায়। তাদের এই প্রচারে স্থানীয় মহিলাদের উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে বলে দাবি করা হয়। এছাড়াও সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, প্রার্থী অমিতাভ দত্তসহ বিভিন্ন নেতৃত্ব পৃথক দল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে সমর্থন আদায়ের চেষ্টা করেন। যুবক-যুবতীদের নিয়েও একটি স্বতন্ত্র দল প্রচারে অংশগ্রহণ করে, যা কর্মসূচিকে আরও গতিশীল করে তোলে।প্রচারে অংশ নেওয়া সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রাক্তন রাজ্য কমিটি সদস্য হাসি ভট্টাচার্য জানান, “মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে, যা আমাদের প্রচারকে আরও শক্তিশালী করছে।”

এদিন প্রায় ১৫ জনের নারী টিমের সঙ্গে অ্যাডভোকেট তাপস ধরসহ স্থানীয় কয়েকজন নেতৃত্ব যুক্ত হওয়ায় প্রচার কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধারাবাহিক প্রচারের ফলে ভোটারদের মধ্যে বামফ্রন্টের প্রতি আগ্রহ বাড়ছে, যা উপনির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।