যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ :- রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের দলবদলের হাওয়া। আজ দামছড়া-জম্পুই এডিসি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৫টি পরিবারের ১৮৯ জন ভোটার তাঁদের পূর্ববর্তী রাজনৈতিক দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। জানা যায়, এদিন এক বিশেষ কর্মসূচির মাধ্যমে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসের ওপর আস্থা রাখছেন, যারই প্রতিফলন এই গণযোগদান।
নবযোগদানকারীদের পক্ষ থেকেও জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও উন্নয়নের অভাব তাঁদের হতাশ করেছিল। সেই কারণেই তারা নতুন করে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে, এই দলবদলকে ঘিরে বিরোধী শিবিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ধরনের গণযোগদান সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে, দামছড়া-জম্পুই এডিসি এলাকায় এই গণযোগদান রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দামছড়া-জম্পুই এডিসি এলাকায় কংগ্রেসে বড়সড় যোগদান, ৭৫ পরিবারে ১৮৯ ভোটার দলবদল
