যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১২ অক্টোবর :- বহু জল্পনা – কল্পনার অবসান ঘটলো অবশেষে। ধর্মনগর উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিত দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় অভিযুক্ত ঘাতক গাড়িচালককে অবশেষে গ্রেফতার করেছে উত্তর জেলা পুলিশ। দুর্গা পূজার সময় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ছোট্ট অভিরূপের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র ধর্মনগর জুড়ে।ধর্মনগরের স্থানীয় বাসিন্দা ও অভিরূপের পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল ঘাতক চালকের কঠোর শাস্তির। অবশেষে শনিবার রাতে পুলিশ ধর্মনগর রেলস্টেশন এলাকা থেকে অভিযুক্ত সৌভিক নাথ (৩৫), পিতা চিত্তরঞ্জন নাথ, বাসিন্দা নেতাজীপাড়া, দিগলনাঘ-কে গ্রেফতার করে।জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা নং ২০২৫/DMN/০৮৭, তারিখ ০১.১০.২০২৫ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি (BNS-23) এর ধারা ২৮১/১২৫(বি)/১০৬(১) এবং মোটরযান আইন, ১৯৮৮ এর ধারা ১৮৪/১৮৭ অনুসারে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, দীর্ঘ তদন্তের পর অবশেষে ঘাতক চালকের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অভিরূপের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন এবং এই ঘটনায় পুলিশ প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন।
ধর্মনগরে অভিরূপ মৃত্যুকাণ্ডে ঘাতক চালকের গ্রেফতারে অবসান বহুজল্পনার
