যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ :- ধর্মনগর মহকুমার অন্তর্গত মঙলখালি গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় অবশেষে সক্রিয় হল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে ধর্মনগর থানার অন্তর্গত রাগনা এলাকা থেকে পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে আটক করা হয়েছে। মামলা নাম্বার: 2026 DMN 017, -এর ভারতীয় ন্যায় সংহিতা (BNS) 2023-এর ধারা: U/S 351(3), 126(2), 109(1), 118(2), 3, 5 -এ আটক হওয়া অভিযুক্তের নাম জহর উদ্দিন ওরফে সাব উদ্দিন (৪২)। অভিযুক্ত ব্যক্তির বাড়ি মঙলখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত আরও চার অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানিয়েছেন, খুব দ্রুত বাকি চারজন অভিযুক্তকেও আটক করা হবে। পাশাপাশি তিনি নিহতের পরিবার সহ এলাকাবাসীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।
মঙলখালি হত্যাকাণ্ডে এক অভিযুক্ত গ্রেফতার, আরও চারজনের খোঁজে তল্লাশি জোরদার
