রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩ মার্চ :- ত্রিপুরা সরকারের অন্তর্গত উওর জেলার মৎস্য দপ্তরের উদ্যোগে ধর্মনগরের ফিশ ফার্মার ট্রেনিং সেন্টারে একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি আয়োজিত হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-এর আওতায়, যেখানে মৎস্যচাষিদের জন্য জলচাষ বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার ডেপুটি ডিরেক্টর ফিসারিজ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।অনলাইন মাধ্যমে আয়োজিত এই প্রশিক্ষণে বিশেষজ্ঞরা বীমা প্রকল্পের প্রয়োজনীয়তা, আবেদন পদ্ধতি, প্রিমিয়াম সংক্রান্ত তথ্য এবং ক্ষতিপূরণ পাওয়ার নিয়মাবলি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। প্রাকৃতিক দুর্যোগ, রোগব্যাধি বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কীভাবে বীমা সুরক্ষা মৎস্যচাষিদের আর্থিক স্থিতি রক্ষা করতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ কারী মৎস্যচাষিরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে জেলার অধিক সংখ্যক মৎস্যচাষিকে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করে তোলা হবে।
ধর্মনগরে মৎস্য দপ্তরে অনলাইনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
