হেলমেট না পরলে মিলবে না পেট্রোল: উত্তর ত্রিপুরায় কড়া নির্দেশ কার্যকর

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- সড়ক দুর্ঘটনা রোধ ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর ত্রিপুরা জেলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। জেলা রোড সেফটি কমিটির নির্দেশে ১৫ জানুয়ারি ২০২৬ অর্থাৎ আজ থেকে “নো হেলমেট, নো পেট্রোল” নীতি কার্যকর করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন পেট্রোল পাম্প ও জনবহুল এলাকায় সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে। দুই-চাকা যানচালক হেলমেট পরিধান না করলে পেট্রোল সরবরাহ করা হবে না। জেলা প্রশাসনের মতে, হেলমেট ব্যবহার না করার প্রবণতার কারণেই বহু ক্ষেত্রে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারে বাধ্য করা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু কমানোই মূল লক্ষ্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান এবং উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই। পুলিশ সুপার এবং জেলাশাসক জানান সড়ক নিরাপত্তা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। হেলমেট একটি জীবনরক্ষাকারী উপকরণ – এটি পরিধান করলে দুর্ঘটনার ঝুঁকি ও প্রাণহানির আশঙ্কা উল্লেখযোগ্য ভাবে কমে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হলেও পরবর্তী সময়ে নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকেও এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাঁদের আশা, “নো হেলমেট, নো পেট্রোল” নীতির ফলে হেলমেট ব্যবহারের হার বাড়বে এবং উত্তর ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।