ধর্মনগরে সিপিআই(এম)- এর সাংবাদিক সম্মেলন, উপস্থিত জিতেন্দ্র চৌধুরী

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ :- আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। রবিবার দুপুরে ধর্মনগর শহরে সিপিআই(এম)-এর দলীয় দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিনের সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআই(এম) -এর মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী আসন্ন উপনির্বাচন কে কেন্দ্র করে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি তিনি দাবি করেন, এই উপনির্বাচনে সিপিআই(এম) মানুষের সমর্থন পাবে এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। প্রার্থী অমিতাভ দত্তও নিজের বক্তব্যে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মানুষ পরিবর্তন চাইছেন এবং উন্নয়নের বাস্তব চিত্র দেখতে আগ্রহী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন। সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও নির্বাচনী ইস্যু, সংগঠনের প্রস্তুতি এবং জনসংযোগ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবমিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।