যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ :- আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে জেলা শাসক চান্দনী চন্দ্রান ও পুলিশ সুপার অভিনাশ রাই-এর উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত ১-দামছড়া-জাম্পুই এবং ৩-দসদা-কাঞ্চনপুর আসনের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী আচরণবিধি মেনে চলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নজরদারি রাখা হবে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলির কাছেও সহযোগিতা কামনা করা হয়, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রশাসনের কাছে কিছু প্রস্তাব ও অভিযোগ জানিয়েছেন। প্রশাসন সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে, আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে ঘিরে উত্তর ত্রিপুরায় প্রশাসনিক প্রস্তুতি যে তুঙ্গে, তা আজকের এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
উত্তর ত্রিপুরায় টিটিএএডিসি নির্বাচন উপলক্ষে ডিএম ও এসপি-র সঙ্গে সর্বদলীয় বৈঠক
