যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ :- ঈদের দিনে সংঘটিত মর্মান্তিক হামলার ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়লেন মঙ্গলখালি এলাকার বাসিন্দারা। রবিবার সকালে উত্তেজিত জনতা রাস্তায় নেমে পথ অবরোধ করেন, যার ফলে ধর্মনগর-পানিসাগর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবং পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শতাধিক মানুষ রাস্তায় বসে পড়েন। অবরোধ চলাকালীন সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশবাহিনী। ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনও অধরা থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী, তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেন। পুলিশের তরফে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পুলিশের এই আশ্বাসের পর ধীরে ধীরে শান্ত হন বিক্ষোভকারীরা এবং অবশেষে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে অনড় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেফতার না হওয়ায় উত্তাল মঙ্গলখালি: পথ অবরোধে নামলেন এলাকাবাসী, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
