ডেমডুমে জনজাতি সমাবেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা তিপ্রাল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির অভিযোগ, ২১৫ জনের বিজেপিতে যোগদান

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ ফেব্রুয়ারি :- এ রাজ্যে কখনো “তিপ্রাল্যান্ড” তো কখনো “গ্রেটার তিপ্রাল্যান্ড”-এর নামে সহজ-সরল জনজাতি ভাইবোনদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, উন্নয়নের পরিবর্তে আবেগের রাজনীতি করে কিছু মহল জনজাতি সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। মঙ্গলবার উনকোটি জেলার ডেমডুমে এক সুবিশাল জনজাতি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এডিসির ক্ষমতায় বসে উন্নয়নকে প্রহসনে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে কখনো গাড়িতে আক্রমণ, কখনো বাড়িতে হামলা, কখনো দলের পতাকা ফেলে দিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে বিজেপির অগ্রযাত্রা রুখে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে “বিকশিত ভারত”-এর যে স্বপ্ন দেখা হচ্ছে, সেই যাত্রা কোনোভাবেই আটকানো যাবে না। এডিসিকে সঙ্গে নিয়ে “বিকশিত ত্রিপুরা” গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশে উপস্থিত দলীয় নেতৃবৃন্দের বক্তব্যে দাবি করা হয়, বর্তমান রাজ্য সরকার জনজাতি সমাজের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ২১৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এবং উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান। সমাবেশ ঘিরে ডেমডুম এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজনৈতিক মহলে এই জনসভাকে ঘিরে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।