ধর্মনগরে সংস্কার ভারতীর উদ্যোগে দোল উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মার্চ :- সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী-এর উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে দোল উৎসব উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ধর্মনগরে আয়োজিত এই অনুষ্ঠানে ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে রঙ, সম্প্রীতি ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলা গড়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী উত্তর জেলা সমিতির সভাপতি অমলেন্দু চৌধুরী, উত্তর জেলা সম্পাদক পার্থ শর্মা এবং সংস্কার ভারতী ত্রিপুরা রাজ্য প্রান্ত মন্ত্রী সন্দীপ নাথ। তাঁরা দোল উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য ও সমাজে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে ধর্মনগরসহ উত্তর জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, সংগীত ও নৃত্যশিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে বসন্তের আনন্দ ও প্রকৃতির নব জাগরণের বার্তা তুলে ধরেন। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও রঙের উৎসব দোল বা হোলিকে ঘিরে এই আয়োজন নতুন জীবনের প্রতীক ও শান্তির বার্তা বহন করে। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সার্থকতা লাভ করে।