ভোটার সচেতনতা বাড়াতে ধর্মনগরে ‘আর্ট ফেস্টিভ্যাল’, অনুষ্ঠিত

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মার্চ :- ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রবিবার ধর্মনগরে অনুষ্ঠিত হল ‘সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP)’ কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ আর্ট ফেস্টিভ্যাল। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় ধর্মনগর মহকুমা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান এবং ধর্মনগরের মহকুমাশাসক দেবযানী চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের আর্ট ফেস্টিভ্যালে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন বয়সের চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে। ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতন্ত্রের মূল্যবোধ এবং সচেতন ভোটদানের বার্তা তুলে ধরে তারা তাদের সৃজনশীল চিত্রকর্ম উপস্থাপন করে। শিশুদের আঁকা ছবিতে ফুটে ওঠে গণতন্ত্রের নানা দিক এবং ভোটারদের দায়িত্ববোধের প্রতিফলন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সৃজনশীল কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ভোটার সচেতনতা গড়ে তোলা এবং সাধারণ মানুষের কাছে ভোটদানের গুরুত্ব পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।