সামান্য বৃষ্টিতেই অন্ধকার গোটা এলাকা, বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মার্চ :- উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার একাংশে সামান্য বৃষ্টি হলেই দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এলাকা বাসীর দাবি, বিদ্যুতের লাইন ঠিকঠাক থাকা সত্ত্বেও দিনের বেশিরভাগ সময় এবং প্রায় পুরো রাত জুড়েই বিদ্যুৎ থাকে না। এতে চরম দুর্ভোগের মুখে পড়ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি বা আবহাওয়া একটু খারাপ হলেই বিদ্যুৎ চলে যায় এবং তা ফিরতে অনেক সময় লেগে যায়। কখনও কখনও রাতভর অন্ধকারে কাটাতে হয় এলাকাবাসীকে। বারবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্থায়ী কোনও সমাধান করা হচ্ছে না বলেও দাবি তাঁদের। এলাকা বাসীদের বক্তব্য, বিদ্যুতের লাইন সাড়াইয়ের নামে রাত থেকে বিদ্যুত বিচ্ছিন্ন থাকে পরের দিন পর্যন্ত এটা কি ধরনের বিদ্যুত সাড়াইয়ের কাজ। এর জন্য কিছু বাড়িতে অসুস্থ মানুষ সহ ছোট শিশুদের নিয়ে এক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যুত দপ্তরের চূড়ান্ত গাফিলতির কারনে পড়ুয়াদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্মে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠছে বলে জানান অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো হলেও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে দপ্তরের গাফিলতির দিকেই আঙুল তুলছেন তাঁরা। এলাকাবাসীরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে।