ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে প্রশাসনের সর্বদলীয় বৈঠক

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মার্চ :- আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চান্দনী চন্দ্রান, উওর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, ধর্মনগর মহকুমার মহকুমাশাসক দেবযানী চৌধুরী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মূলত আসন্ন উপনির্বাচন কে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) কার্যকরভাবে পালন, নির্বাচনী খরচ সংক্রান্ত রেট চার্ট চূড়ান্ত করা, নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্যও সকলকে সতর্ক করা হয়। বৈঠকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতায় আসন্ন উপ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।