রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- বাংলা লোকসঙ্গীতের সুরে নতুন আবহ তৈরি করতে প্রথমবারের মতো ধর্মনগরে আসছেন বিশিষ্ট লোকশিল্পী সাত্যকি বন্দ্যোপাধ্যায়। আয়োজনে রয়েছে ‘টেক ওয়ান প্রোডাকশন’। বুধবার ধর্মনগরের প্রবীণ অঙ্গনে আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আগামী ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ধর্মনগরের বিবেকানন্দ সার্বজনীন ভবনে অনুষ্ঠিত হবে এই বিশেষ লোকসঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানের মূল লক্ষ্য বাংলা লোকসঙ্গীতের প্রচার ও প্রসার ঘটানো এবং বর্তমান সময়ে রিমিক্স সংস্কৃতির ভিড়ে হারিয়ে যেতে বসা শুদ্ধ লোকসুরের প্রতি মানুষের আগ্রহ পুনরুজ্জীবিত করা। আয়োজক সংস্থার বক্তব্য অনুযায়ী, দেশ-বিদেশে লোকসঙ্গীত চর্চায় সাত্যকি বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নাম। তাঁর কণ্ঠ ও পরিবেশনা বাংলা লোকধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় ধর্মনগরের শ্রোতাদের জন্য এই আয়োজন এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপত্র থাকবে। আগ্রহী দর্শকরা ধর্মনগরের কালিদিঘীর পারস্থিত ‘সিম্পোনি মিউজিক’ ইন্সট্রুমেন্ট বিক্রয় কেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বাবুর বাজারের ‘নেট জোনে’ ও প্রবেশপত্র পাওয়া যাবে। উদ্যোক্তাদের আশা, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকসঙ্গীত প্রেমীদের কাছে এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়া যাবে এবং ধর্মনগরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে।
লোকসঙ্গীতের আবহে ধর্মনগর, আসছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়
