অসম সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৭,৬০০ কোটি টাকার বেশি প্রকল্প উপহার দিয়ে গেলেন রাজ্যকে

পরাজয়ের সেঞ্চুরি করবে কংগ্রেস শিলচরে ভাষণ দিতে গিয়ে বললেন: মোদী

সানি রায়,শিলচর ১৪ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর যেন একপ্রকারের ঐতিহাসিক স্বাক্ষী এবং রাজ-যুগের নতুন অধ্যায়ের সূচনা বললেন অনেকেই। প্রায় ৪৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের রূপায়নে অসম ভরে উঠবে উন্নয়ন এর জোয়ারে।১৩ মার্চ বিশ্ব বরেণ্য নেতা দেশের অভিভাবক তথা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদার্পণ করেন অসমের রাজধানী শহরে। আবহাওয়ার প্রতিকূলে কোকরাঝাড় যাওয়া না হলেও তিনি রাজধানী শহরে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ ১৪ মার্চ আবহাওয়ার অনুকূলে বরাক উপত্যকায় পঞ্চমবারের মতো পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২৫ হাজার কোটি টাকার বাজেটে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বরাক – ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয় গড়ে ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, এবং পরিকাঠামোগত উন্নয়ন করে বিকশিত ভারতের রচনা করে গেলেন যশস্বী প্রধানমন্ত্রী।

রাজ্যে ৪৮ হাজার কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, এবং ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাক উপত্যকায় একাধিক প্রকল্পের মধ্যে রয়েছে অসম মালা ৩.০ প্রকল্পের ভূমিপূজন, যা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে ৯০০ কিলোমিটারেরও বেশি নতুন সড়ক নির্মাণ করা হবে এবং আন্তঃরাজ্য সংযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে, রেলপথ রক্ষণাবেক্ষণ শক্তিশালী করতে একটি পর্যায়ক্রমিক সংস্কার কর্মশালার ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বরাক উপত্যকা – ত্রিপুরা – মিজোরামের সঙ্গে বৈদ্যুতিক রেল রুটের সম্প্রসারণ, শিলচর ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনের ভূমি পূজন এবং মহামূল্যবান শিলচর – শিলং এক্সপ্রেস হাইওয়ে করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উন্নয়নের নতুন অধ্যায় রচনা করলেন দেশের প্রধানমন্ত্রী।

তাছাড়া ২০০ বছরের অতীত স্বপ্নের বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,যা হলো রাজ্যের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা বিতরণ করলেন এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ২২তম কিস্তি প্রদানের ব্যবস্থা করলেন।এর ফলে দেশজুড়ে ৯.৩ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাক উপত্যকা সফর যেন সার্থক পূর্ণ রূপ পেল এবার , যা আজকের প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে জনসমাগম প্রমাণ করে দিয়েছে। এদিকে,তিনি ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে বললেন অসম থেকে বার কয়েক প্রধানমন্ত্রী বানিয়েও কানাকড়ি উন্নয়ন হয়নি,তাই হুংকার দিয়ে মোদী বললেন ২২ হাজার কোটিতে শূণ্য কতটা থাকে লিখে দিতে বলুন কংগ্রেসকে।

এমনটাই কটাক্ষ করে আগামী দিনে পরাজয়ের সেঞ্চুরি লাভ করবে কংগ্রেস বললেন প্রধানমন্ত্রী মোদী। মোট কথা দুদিনের অসম সফর অনেকেই বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনের একপ্রকারের নির্বাচনী রণঢংকা বাজানো ছাড়া আর কিছু নয়, তবে উন্নয়ন এর জোয়ার বইবে আগামীদিনে সেটাও যেন ভূল নয়।