ধর্মনগরে আশাকর্মী ও আশা ফ্যাসিলিটেটরদের জেলা স্তরের সম্মাননা প্রদান

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১১ মার্চ :- ২০২৫–২৬ অর্থবর্ষে উল্লেখ যোগ্য কাজের স্বীকৃতি হিসেবে উত্তর ত্রিপুরা জেলার আশাকর্মী (ASHA) ও আশা ফ্যাসিলিটেটরদের জেলা স্তরের সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চান্দনী চন্দ্রান এবং জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক দীপক হালদার সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতে জেলার নির্বাচিত আশাকর্মী ও আশা ফ্যাসিলিটেটর দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আশা ফ্যাসিলিটেটর দের মধ্যে ১০টি ই-সাইকেল (E-Cycle) বিতরণ। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যেই এই ই-সাইকেলগুলি প্রদান করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আশাকর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাকরণ কর্মসূচি এবং বিভিন্ন জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আশাকর্মী দের অবদান অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানের শেষে সম্মানিত আশাকর্মী ও আশা ফ্যাসিলিটেটররা এই স্বীকৃতির জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের স্বাস্থ্যসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।