আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহে যুবরাজনগরে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি শিবির অনুষ্ঠিত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ মার্চ :- আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহ উপলক্ষে যুবরাজনগর আর.ডি. ব্লকের অধীনে আলোর দিশারী CLF–এর উদ্যোগে একটি স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। নারী ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর আর.ডি. ব্লকের চেয়ারপার্সন, ব্লকের বিডিও, তিলথই গ্রাম পঞ্চায়েতের প্রধান, চিকিৎসক ডা. নীলিমা সরকার এবং আলোর দিশারী CLF–এর সভাপতি রেখা দেবনাথ। এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সদস্য, CLF প্রতিনিধিরা এবং স্থানীয় সম্প্রদায়ের বহু মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লাইভস্টক কো-অর্ডিনেটর লিপিকা দাসসহ অন্যান্য মাঠ পর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নারীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি এবং সমাজে বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। তারা বলেন, সুস্থ সমাজ গড়ে তুলতে নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবিরে অংশগ্রহণ কারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে রক্তচাপ পরীক্ষা এবং রক্তে শর্করা পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি উপস্থিত নারীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, ডেটল এবং প্রয়োজনীয় কিছু ওষুধ বিতরণ করা হয়।এছাড়াও ১৫ বছরের নিচের কিশোরীদের জন্য HPV ভ্যাকসিন সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে এই ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরা হয় এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক এবং একটি সুস্থ, সচেতন ও ক্ষমতায়িত সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।