রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১১ মার্চ :- উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার হুরুয়া শিবনগর গাওসভার ৪ নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের আগুন লাগানোর ঘটনায় মাশরুম চাষী বাসুদেব ঘোষের পাঁচটি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে হঠাৎ করে বাসুদেব ঘোষের মাশরুম চাষের জন্য ব্যবহৃত ঘরগুলিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং একের পর এক পাঁচটি ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, মাশরুম চাষের বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বাসুদেব ঘোষ ঘরের ভিতরে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে দেখতে পান বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরাই বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। পরে কোনোভাবে দরজা খুলে তিনি প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন।ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাঁচটি ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মাশরুম চাষী বাসুদেব ঘোষ প্রশাসনের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তার আবেদন করেছেন।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দুষ্কৃতীদের তাণ্ডবে পুড়ে ছাই মাশরুম চাষীর পাঁচটি ঘর, ধর্মনগরে চাঞ্চল্য
