রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১১ মার্চ :- উত্তর ত্রিপুরার ধর্মনগরের গভর্নমেন্ট ডিগ্রি কলেজের গণিত বিভাগের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই বিভাগের দেওয়াল পত্রিকা ‘গণিতাঞ্জলি’-র আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উপস্থিতিতে ‘গণিতাঞ্জলি’ দেওয়াল পত্রিকার পর্দা উন্মোচন করা হয়। এই দেওয়াল পত্রিকায় গণিত বিষয়ক বিভিন্ন প্রবন্ধ, ধাঁধা, গবেষণামূলক লেখা এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজ স্থান পেয়েছে। অতিথিরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সৃজন শীল চিন্তাভাবনার বিকাশ ঘটবে।পরে গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে গণিত বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সহযোগিতা করে। রক্তদান শিবিরে বহু শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানব সেবামূলক এই উদ্যোগকে সফল করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী কাজল দাস, ধর্মনগর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সুমন অধিকারী, কলেজের অধ্যাপক তরুণ কুমার দেব, ডক্টর মৌসম ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। পাশাপাশি শিক্ষাঙ্গনে এমন সৃজনশীল ও সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সমাজ সেবার মানসিকতা গড়ে তুলতে সহায়ক। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণ কারীদের ধন্যবাদ জানানো হয়। এই উদ্যোগ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গণিত বিভাগের উদ্যোগে রক্তদান শিবির ও দেওয়াল পত্রিকা ‘গণিতাঞ্জলি’ উন্মোচন
