যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩ মার্চ :- নেশা, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ধর্মনগর মহকুমা কমিটি। ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে ‘খেলার মাঠে চলুন’ স্লোগানকে সামনে রেখে রবিবার কালাছড়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত হলো একদিনের ক্রিকেট টুর্নামেন্ট।
‘নেশা, জুয়া আর মাফিয়ার টাকায় নয় – সুন্দর সমাজ গড়ার স্বপ্নের চেতনা নিয়ে’ এবং ‘ধরো হাতে হাত, তুমি আমি মিলে গড়ি নতুন দিনের প্রভাত’ – এই আহ্বানকে কেন্দ্র করে মহকুমার চারটি বিধানসভা ভিত্তিক দল – যুবরাজনগর, কুর্তি কদমতলা, ধর্মনগর ও বাগবাসা – মাঠে নামে।প্রথম সেমিফাইনালে যুবরাজনগর কুর্তি কদমতলাকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে আসে। টস জিতে প্রথম ব্যাটিং করা কুর্তি কদমতলা নির্ধারিত রান তুললেও যুবরাজনগরের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেয়।দ্বিতীয় ম্যাচে ধর্মনগর বাগবাসাকে ১৪ রানে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। ফাইনাল ম্যাচে ধর্মনগর ও যুবরাজনগরের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ধর্মনগর ৩০ রানের জয় পায়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। এদিন কুর্তি কদমতলা বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন প্রতীকী ব্যাটিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথি শৈলেন্দ্র চন্দ্র নাথ মাঠে নেমে ফিল্ডিংয়েও অংশ নেন। উপস্থিত ছিলেন ডিওয়াই এফআই ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ, সভাপতি সানি চন্দ্র, সদস্য জয়দ্বীপ দেব, বিদ্যুৎ দেব, বিপ্লব দেব প্রমুখ। এছাড়াও প্রাক্তন ছাত্র-যুব নেতা তথা সিপিআই (এম) কালাছড়া অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন এবং নারী নেত্রী বিজিতা নাথসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকদের বক্তব্য, নেশা-জুয়া-দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। মাঠের লড়াইয়ের মধ্য দিয়েই যুবকেরা একতার বার্তা পৌঁছে দেন সমাজের কাছে।
‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে নেশামুক্ত সমাজ গড়ার ডাক
