হাইলাকান্দির গ্রামীণ সড়কগুলির কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৭ নভেম্বর :- হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দিতে এক প্রশাসনিক রিভিউ মিটিংয়ে পৌরোহিত্য করে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ৩০ নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন। মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী পাল সভায় জানান। রিভিউ মিটিংয়ে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চলতি কাজগুলি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সভায় জানানো হয়, মিজোরাম সীমান্তে যে ছয়টি বর্ডার আউট পোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুইটির নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটির নির্মাণ এগিয়ে চলেছে। তিনি বর্ডার আউট পোস্ট এবং গ্রামীণ সড়কগুলির নির্মাণ কাজে গতি আনতে ঘন ঘন পরিদর্শন করতে সংশ্লিষ্ট বিভাগীয় অধিকারীদেরকে নির্দেশ দেন। কৃষি বিভাগ থেকে জানানো হয়, ২০২৪-২৫ সালে জেলায় ৩২ হাজার সোয়েল হেলথ কার্ড ইস্যু করা হলেও এবছর লক্ষ্যমাত্রা ১৪ হাজারের বিপরীতে এখন পর্যন্ত ১২৬০৫ টি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৩৬৫ টি সোয়েল হেলথ কার্ড জেনারেট করা সম্ভব হয়েছে। লক্ষ্যমাত্রার বাকি কার্ড মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে বিভাগ থেকে জানানো হয়। রবিশস্যের বীজ প্রকৃত কৃষক এবং জনজাতি কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বন্টন করতে কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। জেলার তিন বিধায়ক জাকির হোসেন লস্কর, সুজাম উদ্দিন লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে ডিসি অভিষেক জৈন, বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য, কল্যাণ গোস্বামী, মুণ স্বর্ণকার, পুরপুতি মানব চক্রবর্তী ও ড. মিলন দাস সভায় অংশ নেন। মিটিংয়ের আগে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার তিনটি গ্রামীণ সড়কের কাজের শিলান্যাস করেন। এগুলি হল আলগাপুর- মোহনপুর তেমাথা থেকে জাতীয় সড়ক বাইপাস পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটারের রাস্তা, চন্ডিপুর বাগান থেকে সিরিষপুর রাস্তা পর্যন্ত আড়াই কিলোমিটারের রাস্তা এবং পাঁচগ্রাম থেকে ভাটিরকুপা পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার রাস্তা।