গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধার, লালছড়া কলোনীতে চাঞ্চল্য

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি :- শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ ধর্মনগর থানা-য় ডুপিরবন্ধ লালছড়া কলোনী এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির আত্মহত্যার খবর পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি ওই এলাকার প্রয়াত জিতেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত প্রায় তিনটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একসময় বাড়ির পাশেই একটি গাছের ডালে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতাল-এ পাঠিয়েছে।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকদের মতামতের ভিত্তিতে পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।