রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩ মার্চ :- প্রতি বছরের মতো এবছরও দেবী বাসন্তীর আরাধনায় ব্রতী হয়েছেন ধর্মনগরের কামেশ্বর এলাকার সার্বজনীন বাসন্তী পূজা কমিটির সদস্যরা। রবিবার সকালে আচার – অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো, আর তার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের বাসন্তীপূজার প্রস্তুতি পর্ব।পূজা কমিটির উদ্যোগে আয়োজিত খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা কমিটির কর্মকর্তা ও সদস্যরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুরোহিত খুঁটির পূজা সম্পন্ন করেন। ধর্মীয় রীতিনীতি মেনে পূজার সামগ্রী অর্পণ ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন সকাল থেকেই কামেশ্বর এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জার কাজ ইতিমধ্যেই শুরু হবে বলে জানান উদ্যোক্তারা। এলাকার যুব সমাজ ও মহিলাদের সক্রিয়ভাবে প্রস্তুতিতে অংশগ্রহণের আহ্বান জানান কর্মকর্তাগন। কমিটির এক কর্তা জানান, “বাসন্তীপূজা উক্ত এলাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। সকলের সহযোগিতায় প্রতি বছর এই পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। এবারও আমরা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পূজা আয়োজনের লক্ষ্য নিয়েছি।” উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহের সঞ্চার হয়েছে। পূজার ক’দিন এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে প্রাণচাঞ্চল্য বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।খুঁটিপুজোর মধ্য দিয়ে দেবী বাসন্তীর আরাধনার যে শুভ সূচনা হলো, তা আগামী দিনগুলিতে ধর্মনগরবাসীর মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলবে – এমনটাই মনে করছেন সকলে।
ধর্মনগরে বাসন্তীপূজার সূচনা, খুঁটিপুজোয় উৎসবের আমেজ
