অন্ধ্রপ্রদেশের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ জনের, আহত অনেক

সুজন চক্রবর্তী, অন্ধ্রপ্রদেশ, ০১ নভেম্বর :- ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলামের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে ৯ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন একাধিক। প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ১ নভেম্বর একাদশীতে ভেংকটেশ্বর স্বামী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত। প্রচন্ড ভিড়ের কারণে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন। এরপরই ভক্তদের মধ্যে আতংক ছড়ায়। একসঙ্গে তাঁরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করলে হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই পদপিষ্ঠের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ০৯ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেংকটেশ্বর মন্দিরে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক ভক্তের। এই ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তিনি আরও লেখেন, আহতদের যাতে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়, তার জন্য আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছি। অন্যদিকে নিহতের পরিবার কে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার কে যথোপযুক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানান সচেতন নাগরিক।