ধর্মনগরে গোল্ডেন ভ্যালি স্কুলে দুঃসাহসিক চুরি, সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩ মার্চ :- ধর্মনগর থানার অন্তর্গত পদ্মপুর এলাকায় অবস্থিত গোল্ডেন ভ্যালি ইংলিশ মিডিয়াম স্কুল-এ রবিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে স্কুলের ইনচার্জ স্কুলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সঙ্গে সঙ্গে অন্যান্য শিক্ষক – শিক্ষিকাদের খবর দেন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনচার্জ স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতেই অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভিতরে ঢুকে দেখা যায়, অফিস কক্ষের আলমিরাও ভাঙা হয়েছে। পাশাপাশি স্কুলের আরও কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মূল্যবান সামগ্রী লুটপাট হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, স্কুলে স্থাপিত সিসি ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করে দেয় চোরের দল। ফলে পুরো ঘটনার কোনো ভিডিও ফুটেজ রেকর্ড হয়নি বলে জানা গেছে। যদি সিসি ক্যামেরার সংযোগ অক্ষত থাকত, তাহলে চোরদের সনাক্ত করা অনেকটাই সহজ হতো বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও স্কুল প্রাঙ্গণে ভিড় জমায়। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।