“রান ফর নেশামুক্ত ত্রিপুরা” মাদকবিরোধী সচেতনতায় উত্তর ত্রিপুরা জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ, নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে সফলভাবে আয়োজিত হলো “রান ফর নেশা মুক্ত ত্রিপুরা” কর্মসূচি। এদিনের এই বিশেষ সচেতনতামূলক দৌড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় অংশগ্রহণকারীদের মধ্যে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উওর জেলা কমল দেববর্মা, সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি টিএসআর জওয়ান, জেলা পুলিশ বাহিনীর সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই উদ্যোগকে সফল করে তোলেন।দৌড় শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ আধিকারিকরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। হাতে সচেতনতা মূলক প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তারা সমাজের প্রতি মাদকবিরোধী বার্তা পৌঁছে দেয়। এদিনের আয়োজনে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী শপথ গ্রহণও করা হয়। উত্তর ত্রিপুরা জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রশাসনের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে, যাতে যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখা যায় এবং একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হয়।