রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- গণতন্ত্র পুনরুদ্ধার, এমজিএন- রেগা পুনরায় চালু করা, বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি, এডিসির উন্নয়ন ও জনমুখী প্রশাসন গড়ে তোলার দাবিতে ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজের ২ নং ওয়ার্ডে বৃহস্পতিবার জাতি-উপজাতি ঐক্য শক্তিশালী করণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে ত্রিপুরা গণমুক্তি পরিষদ-এর ধর্মনগর মহকুমা কমিটি। এই সভায় সভাপতিত্ব করেন চিত্ত দেব্বর্মা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরন দেব্বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ একাধিক নেতৃত্বগন। আলোচনায় অংশ নেন সিপিআই(এম) আনন্দবাজার অঞ্চল সম্পাদক প্রবীণ কুমার ত্রিপুরা, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, মহকুমা সম্পাদক রতন রায় এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। বক্তারা তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম ভরসা এমজিএন রেগা প্রকল্প যথাযথভাবে কার্যকর হচ্ছে না। তাঁরা এডিসিকে আরও শক্তিশালী ও জনমুখী করার ওপর জোর দেন। বেকার যুবকদের কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং জাতি-উপজাতির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণদাবি আদায়ের আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন বক্তারা।
এডিসি উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে গণমুক্তি পরিষদের সভা অনুষ্ঠিত
