রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- জননেতা সমর কুমার পালের প্রয়াণে শোকসভা সহ স্মরণসভা অনুষ্ঠিত। উল্লেখ্য, সিপিআই(এম) পদ্মবিল অঞ্চল কমিটির সদস্য ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, পানিসাগর মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রয়াত সমর কুমার পালের স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে রবিবার বেলা ১২টায় তাঁর নিজ বাসভবনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিমণ্ডলীতে ছিলেন আশুতোষ শর্মা ও শ্যামল পাল। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ভোর ৪টা ১৫ মিনিটে ৬৮ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সমর কুমার পাল প্রয়াত হন। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর ২০১৮ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। স্বল্প সময়ের মধ্যেই তিনি পদ্মবিল এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন।সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বলেন, সমর পালের আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনায় অংশ নেন সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য শীতল দাস ও শুভেন্দু দাস, ধর্মনগর মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য হরকুমার নাথ, পানিসাগর মহকুমা কমিটির সদস্য মতিলাল দাস ও অবনী দে। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সমর কুমার পালের মৃত্যুতে পার্টি ও গণ আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন। সিপিআই(এম) পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার -পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রয়াত সিপিআই(এম) নেতা সমর কুমার পালের স্মরণসভা সম্পন্ন
