উৎসর্গ রায়, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের উৎসাহ জোগাতে উদ্যোগী হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) যুবরাজনগর নগর শাখা। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রের বাইরে উপস্থিত থেকে সংগঠনের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সংগঠনের সদস্যরা পরীক্ষার্থীদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে শুভকামনা জানান এবং হাতে একটি করে কলম তুলে দেন। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এই শুভেচ্ছা ও উপহার পেয়ে অনেক পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। এবিভিপি যুবরাজনগর নগর শাখার নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা রাখা, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এবং ইতিবাচক মনোভাব সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। তারা বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সকল ছাত্র-ছাত্রী যেন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেয় এবং উজ্জ্বল ফলাফল অর্জন করে, সেই কামনাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। ”কর্মসূচিতে সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর একাংশও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পরীক্ষা উপলক্ষে এবিভিপি’র শুভেচ্ছা, চন্দনের ফোঁটা ও কলম উপহার
