ছাত্র সমাজকে দেশ সেবায় উদ্বুদ্ধ করতে ছাত্রদের হাতে প্রতীকী পুলিশ দায়িত্ব! পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে খোয়াইতে হলো “রান ফর নেশা মুক্ত ত্রিপুরা”!

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- পুলিশ সপ্তাহ – ২০২৬ উদযাপন উপলক্ষে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো “রান ফর নেশা মুক্ত ত্রিপুরা” কর্মসূচি এবং নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা অভিযান। খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস আনুষ্ঠানিকভাবে এই দৌড় প্রতিযোগিতার সূচনা করেন। জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজকে মাদকমুক্ত করার বার্তা পৌঁছে দেওয়া এবং নবীন ন্যায় সংহিতা (নতুন ফৌজদারি আইন) সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

এদিনের কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ। নবীন প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করা এবং পুলিশ প্রশাসনে যোগদানের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের হাতে প্রতীকীভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হয়। তারা সড়কে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে সচেতনতা বার্তা ছড়িয়ে দেয়। এছাড়াও এক ছাত্রকে জেলা পুলিশ সুপারের দপ্তরে নিয়ে গিয়ে এসপি-র চেয়ারে বসার অভিজ্ঞতাও দেওয়া হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে

‘গার্ড অব অনার’ প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পাশাপাশি এক ছাত্রীকে খোয়াই মহিলা থানার ওসির চেয়ারে বসে দায়িত্ব সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। পুরো কর্মসূচি শেষে পুলিশ সুপার সাংবাদিকদের সামনে উদ্যোগের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে। এদিনকার কর্মসূচিতে সামিল ছিলেন খোয়াই জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাষ্টিন জোসেফ, মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু, মহিলার থানার ওসি মিনা দেববর্মা, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার প্রমুখ। খোয়াই জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল একটি বাইক র‍্যালির আয়োজন করা হবে, যেখানে নেশামুক্ত সমাজ গঠনের বার্তা আরও জোরদার করা হবে।