পেঁচারতলে ন্যাশনাল লাইভস্টক মিশন কর্মশালা, উপভোক্তাদের হাতে এজোলা ট্যাংক ও ভ্যাকসিন ক্যারিয়ার প্রদান

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- ২৬ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পেঁচারতল ব্লকের কনফারেন্স হলে প্রাণীসম্পদ বিকাশ দফতর-এর উদ্যোগে পেঁচারতল ব্লক এলাকার বিভিন্ন প্রাণীপালকদের নিয়ে এক দিবসীয় ন্যাশনাল লাইভস্টক মিশন (এনএলএম)-এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আশুতোষ ধর, প্রাণীসম্পদ বিকাশ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (ব্লক লেভেল, কুমারঘাট) ডা. বিকাশ দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডা. শুগম চাকমা, পেঁচারতল ব্লকের পশুচিকিৎসক ডা. শুভজিৎ দাস ও ডা. এঞ্জেল ত্রিপুরা। এছাড়াও কুমারঘাট ব্লকের পশুচিকিৎসক ডা. শান্তনু পাল, ডা. তনুশ্রী গোস্বামী, ডা. কৌশিক মজুমদার, মাছমারা এগ্রিকালচার সেক্টর অফিসার শুভ্রজিৎ পাল এবং এনএলএম রিসোর্স পারসন ডা. রোহিত দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অতিথিরা তাঁদের বক্তব্যে এনএলএম-এর অধীনে ইন্সুরেন্স সুবিধা ও বিভিন্ন লাইভস্টক ফার্মিং উদ্যোগে উদ্যোক্তা হওয়ার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারের পশুসম্পদ দফতরের বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কেও প্রাণীপালকদের অবহিত করা হয়। অনুষ্ঠানের শেষে তিনজন উপভোক্তার হাতে এজোলা ট্যাংক তুলে দেওয়া হয় এবং কুড়িজন পশুসখির হাতে ভ্যাকসিন ক্যারিয়ার প্রদান করা হয়, যাতে তাঁরা গ্রামীণ এলাকায় গবাদি পশু ও পাখিদের টিকাকরণ কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনা করতে পারেন।