রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরলেন জেলাশাসকের কাছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি একটি ৬ দফা দাবিসংবলিত স্মারকলিপি জেলাশাসকের নিকট পেশ করা হয়। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তাঁদের চাকরি নিয়মিতকরণসহ একাধিক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে বলে অভিযোগ ভলান্টিয়ারদের। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। স্মারক লিপিতে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো – প্রথমত, Ministry of Home Affairs-এর নির্দেশিকা অনুযায়ী সিভিল ডিফেন্স ইন্সট্রাক্টর ও ভলান্টিয়ারদের দ্রুত নিয়মিতকরণ। দ্বিতীয়ত, নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতি মাসে অন্তত ২০ – ২৫ দিন কর্মসংস্থানের নিশ্চয়তা। তৃতীয়ত, চার বছর সফলভাবে পরিষেবা সম্পন্নকারীদের সিভিল ডিফেন্স ওয়ার্ডেন প্রশিক্ষণের সুযোগ প্রদান। চতুর্থত, দৈনিক ভাতা বৃদ্ধি করে ৫০০ টাকা নির্ধারণ। পঞ্চমত, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশগ্রহণ কালীন দৈনিক ভাতা প্রদান। ষষ্ঠত, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য একটি বীমা প্রকল্প চালু করা। ভলান্টিয়ারদের বক্তব্য, বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে তাঁরা প্রশাসনের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেই প্রেক্ষিতে তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আবেদন জানানো হয়।জেলাশাসকের দপ্তর থেকে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। দাবি পূরণের আশায় সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের মধ্যে প্রত্যাশার সুর স্পষ্ট।
সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের ৬ দফা দাবি পেশ জেলাশাসকের নিকট
