রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৪ ফেব্রুয়ারি :- বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বরুয়াকান্দি গ্রাম এলাকায় অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ মুক্ত ভারত” শীর্ষক এক গ্রামস্তরীয় সচেতনতা কর্মসূচি। উত্তর জেলা প্রশাসন এবং অর্ঘ্যদ্বীপ সংঘের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাপরিষদের সহ-সভাধিপতি ভবতোষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক দীপক হালদার, বিশিষ্ট চিকিৎসক প্রসুনকান্তি ভট্টাচার্য, অর্ঘ্যদ্বীপ সংঘের সভাপতি বিশ্বজিত পাল সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, বাল্যবিবাহ কেবল একটি সামাজিক ব্যাধিই নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা। বিশেষ করে কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে বাল্যবিবাহ গভীরভাবে প্রভাবিত করে বলে বক্তারা মত প্রকাশ করেন।বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে, তবেই “বাল্যবিবাহ মুক্ত ভারত” গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে গ্রামস্তরে সচেতনতা কর্মসূচি
