বিশ্ব এআই সামিট ইস্যুতে আগরতলায় মহিলামোর্চার প্রতিবাদ মিছিল

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- ভারত মণ্ডপম-এ আয়োজিত বিশ্ব এআই সামিটে বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ত্রিপুরায়। আজ আগরতলায় ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার নেত্রী মিমি মজুমদার সহ একাধিক নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বিশ্ব এআই সামিট চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস-এর পক্ষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা দেশের মর্যাদার পরিপন্থী।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে ভারত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বমঞ্চে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। দেশের এই সাফল্য আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হওয়ার সময় তা খাটো করার যে কোনো প্রচেষ্টা নিন্দনীয় বলেই মন্তব্য করেন তাঁরা।

মিমি মজুমদার অভিযোগ করেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে দেশের গৌরবময় অর্জনকে খাটো করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যে কোনো বিশৃঙ্খল আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”প্রতিবাদ সভা থেকে দেশের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।