সাতনালায় বাল্যবিবাহ রোধে দুই শিক্ষকের ঐতিহাসিক অঙ্গীকার, এলাকায় ব্যাপক সাড়া

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- উত্তর জেলার সাতনালা গ্রামে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন দুই শিক্ষক অজন্ত রায় ও দেবাশিস দাস। তাঁদের ঐতিহাসিক অঙ্গীকারকে ঘিরে রবিবার গোটা এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায় এবং গ্রামজুড়ে তৈরি হয় সচেতনতার নতুন পরিবেশ।রবিবার সকালে সাতনালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল সচেতনতা র‍্যালি বের হয়। র‍্যালিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীরা অংশ নেন। বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও প্ল্যাকার্ডে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয়।পরবর্তীতে স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে গ্রামবাসীর উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে। অনুষ্ঠানে স্থানীয় এসআই ও এমডিসি উপস্থিত থেকে উদ্যোগটির প্রশংসা করেন। এমডিসি তাঁর বক্তব্যে বলেন, “ অজন্ত রায় ও দেবাশিস দাস যে সামাজিক নেতৃত্ব দেখিয়েছেন, তা বিরল। এই ধরনের উদ্যোগই রাজ্যের ভবিষ্যৎ পথ দেখাতে পারে।” অজন্ত রায় বলেন, “একজন ছাত্রীর স্বপ্ন ভেঙে গেলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়।” অন্যদিকে দেবাশিস দাস জানান, “আইনের পাশাপাশি সমাজের বিবেক জাগ্রত হওয়াই প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি।” অনুষ্ঠানে ‘প্রাইড অফ সাতনালা’ সম্মানে এলাকার কৃতী ব্যক্তিদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। শেষে গ্রামবাসীরা শপথ নেন, সাতনালাকে বাল্যবিবাহমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলবেন। এই উদ্যোগে দুই শিক্ষক এখন রাজ্যে সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে আলোচনায় উঠে এসেছেন।