রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন-এ রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা গেছে, কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল দপ্তর-এ খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতাল-এ নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম গোষ্ঠবিহারী রায় (৬০)। তিনি ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ানপাশা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ধর্মনগর রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, কমলাবতী এক্সপ্রেস থেকে নামতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
