রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির গভর্নিং বডির জেলা স্তরের পর্যালোচনা বৈঠক, জেলা স্তরের টিবি ফোরাম কমিটির সভা এবং ‘টিবি মুক্ত পঞ্চায়েত’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক হালদার সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। সভায় জেলার সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি, বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস, টিকাকরণ কর্মসূচির অগ্রগতি এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন বিভিন্ন প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়। জেলা টিবি ফোরাম কমিটির সভায় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অগ্রগতি, রোগী শনাক্তকরণ বৃদ্ধি, চিকিৎসা সম্পূর্ণকরণ হার উন্নত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ‘টিবি মুক্ত পঞ্চায়েত’ গঠনের লক্ষ্যে গ্রাম ও ব্লক স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি পঞ্চায়েত, শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, টিবি নির্মূলের লক্ষ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় অত্যন্ত জরুরি। প্রতিটি পঞ্চায়েতকে টিবি মুক্ত ঘোষণার জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিজ নিজ বিভাগের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। জেলার সার্বিক স্বাস্থ্য পরিষেবা আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জেলাশাসকের উপস্থিতিতে জেলা স্বাস্থ্য সমিতির পর্যালোচনা বৈঠক
