রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৫ ফেব্রুয়ারি :- উদয়পুর শহরের দীর্ঘদিনের পানীয় জল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উদ্যোগ গ্রহণ করা হলো। বৃহস্পতিবার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে নব নির্মিত একটি ডিপ টিউবওয়েলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ডিপ টিউবওয়েলটিতে ১০,০০০ জিপিএইচ ক্ষমতার সাবমারসিবল পাম্প এবং ২০ এইচপি ক্ষমতার সাবমারসিবল মোটর সংযুক্ত করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সহকারী চেয়ারপার্সন প্রদীপ দেবনাথ, উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার, উদয়পুর ডিডাব্লিউএস দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়ারিং আধিকারিক সুরঞ্জন দাস সহ উদয়পুর পৌর এলাকার একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, প্রায় ৯৩ লক্ষ ৭১ হাজার ৯৭৫ টাকা ব্যয়ে এই নব নির্মিত ডিপ টিউবওয়েলটি তৈরি করা হয়েছে। পৌর পরিষদের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকা সহ স্কুল সংলগ্ন অঞ্চলের বহু পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, উদয়পুর শহরের প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়াই পৌর পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে ডিপ টিউবওয়েল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই প্রকল্প চালু হওয়ার ফলে এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশাবাদী। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালে যখন জলকষ্ট চরম আকার ধারণ করে, তখন এই ডিপ টিউবওয়েল এলাকাবাসীর কাছে বড় স্বস্তি নিয়ে আসবে। বিশেষ করে স্কুল সংলগ্ন এলাকা ও আশপাশের বহু পরিবার নিয়মিত ও নিরাপদ পানীয় জলের সুবিধা পাবে। সার্বিকভাবে উদয়পুর শহরের নাগরিক পরিষেবা উন্নয়নের পথে এই ডিপ টিউবওয়েল উদ্বোধন একটি উল্লেখযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উদয়পুরে পানীয় জল সমস্যার স্থায়ী সমাধানে নতুন ডিপ টিউবওয়েল উদ্বোধন
