রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- ২১ ফেব্রুয়ারি ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলাজুড়ে বিভিন্ন থানায় প্রতিনিয়ত হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ছে। প্রতিটি অভিযোগকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ প্রশাসন।ত্রিপুরা পুলিশের অধীনে উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই-এর নেতৃত্বে জেলা সাইবার সেল সংশ্লিষ্ট থানাগুলির সঙ্গে সমন্বয় রেখে ধারাবাহিক প্রযুক্তিগত প্রচেষ্টার মাধ্যমে বহু হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন ইতিমধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি মোবাইলগুলিও চিহ্নিত ও উদ্ধারের লক্ষ্যে নিরবচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার উত্তর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপভোক্তারা এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা সাইবার সেল সর্বদা জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তর ত্রিপুরায় হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে সাফল্য, ১৪টি ফোন মালিকদের হাতে তুলে দিল পুলিশ
