রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- ২১ ফেব্রুয়ারি ২০২৬-এ উত্তর জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হলো শ্রবণ প্রতিবন্ধী দিব্যাঙ্গদের জন্য বিশেষ অডিওমেট্রিক স্ক্রিনিং ও হিয়ারিং এইড বিতরণ শিবির। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়াতে মানবিক এই উদ্যোগ গ্রহণ করে সক্ষম এনজিও এবং রোটারি ক্লাব অফ ধর্মনগর। মানবিক এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ডিডিআরসি উওর ত্রিপুরা।উক্ত অনুষ্ঠানটি ধর্মনগর জেলা হাসপাতাল-এর ডিডিআরসি অফিস হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে শ্রবণ প্রতিবন্ধী দিব্যাঙ্গদের জন্য আধুনিক পদ্ধতিতে অডিওমেট্রিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত প্রযুক্তিবিদদের উপস্থিতিতে উপকারভোগীদের শ্রবণ ক্ষমতা নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে হিয়ারিং এইড বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার অতিরিক্ত জেলা শাসক, ডিডিআরসি নর্থ ত্রিপুরা সদস্য ডা. সন্দীপক রায়, ডা. রাজা নাগ। রোটারি ক্লাবের সম্পাদক পৌনমি পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিতি সকলের সহযোগিতায় এদিনের কর্মসূচিটি সাফল্যমণ্ডিত হয়। এছাড়াও ডিডিআরসি-র অন্যান্য কর্মীবৃন্দ, সক্ষম এনজিও-র সদস্য এবং রোটারি ক্লাবের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সক্ষম এনজিও-র পক্ষ থেকে জানানো হয়, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে এবং তাঁদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। শিবিরে অংশগ্রহণকারী উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মনগরে শ্রবণ প্রতিবন্ধী দিব্যাঙ্গদের জন্য অডিওমেট্রিক স্ক্রিনিং ও হিয়ারিং এইড বিতরণ শিবির অনুষ্ঠিত
