রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- যুবরাজনগর বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্পের অধীনে দেওয়ানপাশা শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি ইউনিটের শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি আসাম রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রেমঘনানন্দজী মহারাজ, যিনি এই অনুষ্ঠানকে অত্যন্ত স্মরণীয় করে তুলেছেন। প্রধান অতিথি ছিলেন মাননীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। অনুষ্ঠানের শুরু হয়েছে উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে, তারপর স্বাগত জানিয়েছেন দেওয়ানপাশা রামকৃষ্ণ মিশনের সভাপতি নিতু ভট্টাচার্য্য। উদ্বোধক স্বামী প্রেমঘনানন্দজী মহারাজ তার বক্তব্যে বলেন, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিজের তহবিল থেকে ২১ লক্ষ টাকা রামকৃষ্ণ মিশনে অর্থ বরাদ্দ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, জনসেবা এখানে সঠিকভাবে পরিচালিত হবে এবং বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়ায় তাদের আমরা মোটেও মেনে নিতে পারি না।প্রধান বক্তা বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ বলেন, মানুষ সুস্থ থাকলেই সমাজের উন্নয়ন সম্ভব। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য তিনি দেওয়ানপাশা রামকৃষ্ণ মিশনে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন প্রদান করেছেন। এতে দেওয়ানপাশা, পশ্চিম দেওয়ানপাশা, শ্রীপুর, হাফলং ও রাধাপুর গ্রামের অগণিত মানুষ উপকৃত হবে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও রামকৃষ্ণ মিশনের উন্নয়নের পাশে তিনি সবসময় থাকবেন। এই উদ্যোগ যুবরাজনগর এলাকায় স্বাস্থ্যসেবাকে নতুন গতি দেবে বলে স্থানীয়রা আশাবাদী।
দেওয়ানপাশায় আল্ট্রাসনোগ্রাফি ইউনিটের উদ্বোধন, বিধায়ক শৈলেন্দ্র নাথের উদ্যোগে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
