ত্রিপুরায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২০ ফেব্রুয়ারি :- ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি ত্রিপুরায় পৌঁছালেন দেশের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি আগরতলায় অবস্থিত মহারাজা বীরবিক্রম বিমানবন্দর-এ পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা

বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং আগরতলা পুরনিগমের মেয়র দিপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে বিমানবন্দর চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় কর্মী-সমর্থকরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে তাঁকে স্বাগত জানান। উপস্থিত নেতৃত্ববৃন্দ পুষ্পস্তবক ও ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান।

জানা গেছে, ত্রিপুরা সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন। পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান প্রকল্প গুলির অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে।