ধর্মনগরে ট্রাফিক দপ্তরের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের জরিমানা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২০ ফেব্রুয়ারি :- শহরে বেআইনি পার্কিং ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল ধর্মনগর ট্রাফিক দপ্তর। শুক্রবার সন্ধ্যায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ট্রাফিক নিয়ম অমান্যকারীদের চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। ট্রাফিক সূত্রে জানা গেছে, কালিদিঘীর পার, বাবুরবাজার, ধর্মনগর থানা চত্বর এবং রাজবাড়ির গুরুত্বপূর্ণ মোড় এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। দীর্ঘদিন ধরে এই এলাকাগুলিতে যানজট, অবৈধ পার্কিং এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জমা পড়ছিল। সেই প্রেক্ষিতেই শুক্রবারের এই অভিযান। অভিযান চলাকালীন গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স ও পলিউশন সার্টিফিকেট যাচাই করা হয়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ অংশে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় বেশ কয়েকজন গাড়িচালককেও ফাইন করা হয়।ট্রাফিক দপ্তরের এএসআই অতিকা রঞ্জন দাস জানান, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরে যানজট কমানোই আমাদের মূল লক্ষ্য। নিয়ম না মানলে ভবিষ্যতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, এ ধরনের বিশেষ অভিযান আগামী দিনেও ধারাবাহিক ভাবে চালানো হবে। শহরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত নজরদারি থাকলে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকবে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে। ট্রাফিক দপ্তরের এই সক্রিয় ভূমিকা শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।