৩ মার্চ ধর্মনগরে বিজেপির যুব শঙ্খনাথ র‍্যালি, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২০ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির যুব শঙ্খনাথ র‍্যালি। শুক্রবার ধর্মনগরস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে র‍্যালির নতুন দিনক্ষণ ঘোষণা করেন জেলা নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি কাজল দাস, জেলা সম্পাদক হারান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ব। জেলা সভাপতি কাজল দাস জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি ধর্মনগরের বিবিআই স্কুলের মাঠে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন থেকেই সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের স্বার্থে অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা-র পরামর্শে ৩ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, ৩ মার্চ বিবিআই স্কুলের মাঠে আয়োজিত এই সমাবেশে মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত থাকবেন। এছাড়াও রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন বলে জানা গেছে।

উত্তর ত্রিপুরা জেলার উন্নয়নমূলক কর্মসূচি, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই যুব শঙ্খনাথ র‍্যালির আয়োজন করা হয়েছে বলে দলীয় নেতৃত্বের দাবি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবক-যুবতী সহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।