ধর্মনগরের হার্ডওয়্যার দোকানে আকস্মিক জিএসটি পরিদর্শন, ব্যবসায়ী মহলে চর্চা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২০ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একটি রঙ ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানে আকস্মিক পরিদর্শন চালাল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস টেক্স ডিপার্টমেন্টের একটি দল। ঘটনাকে কেন্দ্র করে শহরের ব্যবসায়ী মহলে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকার উক্ত দোকানে হঠাৎ উপস্থিত হন দপ্তরের কর্ম কর্তারা। জানা গেছে, চুড়াইবাড়ি অঞ্চল থেকে আগত একাধিক আধিকারিক পরিদর্শনে অংশ নেন। তারা দোকানে মজুত থাকা বিভিন্ন পণ্যের পরিমাণ, স্টক রেজিস্টার এবং ব্যবসা সংক্রান্ত প্রাথমিক তথ্য যাচাই করেন। দোকান মালিক প্রলয় দাস জানান, “অধিকর্তারা দোকানের নথিপত্র ও পণ্যের হিসাবখাতা দেখেন। তবে কোনো রকম জব্দ বা লিখিত নোটিশ ছাড়াই তাঁরা চলে যান।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, এটি নিয়মিত প্রশাসনিক তদারকিরই অংশ হতে পারে। ঘটনার পর থেকে ধর্মনগরের ব্যবসায়ী মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রশাসনের তরফে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকেই এখন নজর সবার।