রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি :- উওর জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত বাগবাসা পঞ্চায়েত অফিসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। আগুনে পঞ্চায়েত কার্যালয়ের আসবাবপত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার পর এলাকা বাসীর উদ্যোগে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে দমকল কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনায় শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত কার্যালয় ঘুরে দেখেন এবং আগুনে পুড়ে যাওয়া নথিপত্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত দপ্তর পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাগবাসা পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ডে তদন্তের দাবি কংগ্রেসের
