রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলায় শিক্ষা ক্ষেত্রে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল জেলা শিক্ষা দপ্তর। শিক্ষা মন্ত্রণালয় ত্রিপুরা সরকারের উদ্যোগে পরিচালিত ‘স্বচ্ছ এবং সবুজ বিদ্যালয় রেটিং’ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ ও মানদণ্ড পূরণ করায় উত্তর ত্রিপুরার ৮টি বিদ্যালয়কে “প্রশংসাপত্র” প্রদান করা হয়। জেলা শিক্ষা আধিকারিক এবং ওএসডি, জেলা শিক্ষা দপ্তর উওর ত্রিপুরা জেলা-এর উপস্থিতিতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জানা যায়, অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির মধ্যে ২টি বিদ্যালয় ৫-তারকা রেটিং অর্জন করে বিশেষ সাফল্যের স্বাক্ষর রেখেছে। বাকি ৬টি বিদ্যালয় ৪-তারকা রেটিং পেয়ে জেলার শিক্ষাঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বচ্ছতা, সবুজায়ন, পরিবেশবান্ধব উদ্যোগ, স্বাস্থ্যবিধি রক্ষা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়গুলির এই সাফল্য প্রশংসনীয় বলে জানান জেলা শিক্ষা দপ্তরের কর্তারা। এই অর্জন উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা পরিমণ্ডলে এক নতুন দিগন্তের সূচনা করল বলে মত শিক্ষা মহলের।
উত্তর ত্রিপুরায় স্বচ্ছ ও সবুজ বিদ্যালয় রেটিংয়ে সাফল্য, ৮টি বিদ্যালয়কে সম্মাননা প্রদান
