শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতার, পরে জামিনে মুক্ত সিপিআই(এম) নেতৃত্ব – ধর্মনগরে উত্তেজনা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগর মহকুমার দুটি পৃথক স্থানে সিপিআই(এম)-এর উদ্যোগে মিছিল ও জমায়েতকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার প্রেমতলা সিপিআই(এম) অঞ্চল অফিস ও উপ্তাখালী বাজারে জমায়েতের পর মিছিল বের হলে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অংশগ্রহণকারীদের গ্রেফতার করে। প্রথম ঘটনায়, উপ্তাখালী বাজারে জমায়েত হয়ে মিছিল শুরু হয়। অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল চলাকালীনই পুলিশ অংশগ্রহণকারীদের আটক করে ধর্মনগর টাউন হলে অস্থায়ী কারাগার হিসেবে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, উপ্তাখালী অঞ্চল সম্পাদক উজ্জলা দাস, মহকুমা কমিটির সদস্য মৈন উদ্দিন ও কৌশিক চক্রবর্তী এবং সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেব নাথ। পরবর্তী সময়ে ডিসিএম সজল সাহা টাউন হলে পৌঁছে সকলের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে প্রেমতলা বাজার এলাকায়ও শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশ গ্রেফতার করে আন্দোলনকারীদের। সেখানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, সিআইটিইউ ধর্মনগর মহকুমা সম্পাদক জহুরুল হক, সংগঠনের সদস্য আব্দুল হামিদ, আব্দুল কালাম, মহিতোষ চক্রবর্তী এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ধর্মনগর মহকুমা সম্পাদক মখলিছুর রহমান। গ্রেফতারকৃতদের উত্তর ফুলবাড়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ডিসিএম জিনিয়াস দেব্বর্মা সেখানে গিয়ে সকলের জামিন মঞ্জুর করেন।

গ্রেফতারের পর সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত জানান, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘট ডাকা হয় শ্রম কোড বাতিল এবং কৃষক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে। তাঁর দাবি, সারা দেশে প্রায় ত্রিশ কোটি মানুষ এই ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘটের সমর্থনে এবং সমর্থনকারীদের অভিনন্দন জানাতেই শান্তিপূর্ণ মিছিল সংগঠিত করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীদের। তাঁর বক্তব্য, “বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের ও শ্রমিকদের ঐক্যকে ভয় পায়, তাই শান্তিপূর্ণ মিছিল থেকেও আমাদের গ্রেফতার করা হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।